প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে দ্রুত শ্বেতপত্র দেয়া হবে জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার সিদ্ধান্ত নেবে এটি নিয়ে কী করা হবে।

আজ রোববার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সচিবরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দাবি করেছেন জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সচিব ও জ্যেষ্ঠ সচিবরা জানিয়েছেন যে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল। অর্থ লুটপাটের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নেও রাজনৈতিক প্রভাব ছিল বলে তারা অভিযোগ করেছেন। এখন তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দাবি করেছেন।

দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, প্রকল্প নেয়ার আগেই জমি কেনার অনিয়ম পাওয়া গেছে। প্রকল্পের দরকারি যন্ত্রপাতি কিনতে দুর্নীতি করা হয়েছে, ঠিকাদার নিয়োগেও অনিয়ম করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দুর্বলতা কাটানো দরকার জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও চলমান সংস্কার কাজ ঠিক মতো হলে জবাবদিহিতা নিশ্চিত হবে।