ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট দরপত্র দেয়া নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। ১৬ মার্চ বাংলা পর্যন্ত কবিরপুর-টেপুরাকান্দি (সিঅ্যান্ডবি ঘাট) খেয়াঘাট দরপত্র আহ্বান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে ফজল মাঝি ৫ লাখ ১০ হাজার টাকায় এক বছরের জন্য ঘাটের ইজারা পান।

সরেজমিন ঘুরে দেখা যায়, কবিরপুরের খেয়াঘাটটি অনেক আগেই চর জেগে ভরাট হয়ে গেছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানায়, কবিরপুর খেয়াঘাটটি ভরাট হয়ে এখন ফসলি জমিতে রূপান্তর হয়েছে। এ ঘাট কেন ইজারা দেয়া হলো, এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নর্থ চ্যানেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা ও ওই এলাকার নুরুল মন্ডল, আলমাস মোল্লা ও মো. রাসেল বলেন, কবিরপুর খেয়াঘাটে চর জেগে ভরাট হয়ে গেছে।

সেখানে কী করে ইজারা দেয়া হয় আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক জানান, কবিরপুর খেয়াঘাটটি পাশের সত্যজিতপুরে স্থানান্তর করা হয়েছে।

ইজারাদার ফজল মাঝি জানান, কবিরপুর খেয়াঘাটটি চর জেগে বন্ধ হয়ে যাওয়ায় পাশের সত্যজিতপুর এলাকার ঘাটটি ব্যবহার করছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিএ কামাল উদ্দিন বলেন, কবিরপুর ঘাটটি যে চর পড়ে বন্ধ হয়ে গেছে, তা দরপত্রের আগে ইজারাদার ও এলাকাবাসী কেউ আমাদের অবহিত করেনি। তাই এ বিষয়ে আমাদের জানা নেই।