ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য প্রতারণার মাধ্যমে লোক পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশী একটি ট্রাভেল এজেন্সিও রয়েছে।

গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এ নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাংলাদেশী এজেন্সির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড টুরস লিমিটেড’।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, কোম্পানিটির ঠিকানা হিসেবে ঢাকার বনানীর একটি বাড়ির তথ্য নথিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার বলেছে, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের নিয়োগ কার্যক্রমে জড়িত ছিল। পরে তাদের শোষণ করেছে। প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়েছিল। তবে বাংলাদেশী নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোর করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্মুখসারিতে যুদ্ধ করতে বাধ্য করা হয়।

‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের জন্য নিষেধাজ্ঞা’ আইনের আওতায় নিষেধাজ্ঞার দেয়া হয়েছে ড্রিম হোম ট্রাভেলসকে। এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধের মতো শাস্তি রয়েছে।