বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররমে সকাল ৭টা ২২ মিনিটে শুরু হয় ঈদের প্রথম জামাতের মোনাজাত। মোনাজাতে অংশ নেন ছোট-বড় সব বয়সী মুসল্লিরা। মোনাজাত করান বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। 

মোনাজাতে দেশবাসীর কল্যাণ ও সুস্থতা কামনা করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় ইমাম মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি, মৃত সবার মাগফিরাত, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন।

জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশকে শান্তির দেশ করে দেয়ার দোয়া করা হয়। এছাড়াও ডেঙ্গুসহ দূরারোগ্য ব্যাধি থেকে সবাইকে হেফাজত করার দোয়া করা হয়। বিশেষ করে, ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্ট মসজিদ সংলগ্ন জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।