রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরীক্ষায় জালিয়াতির জন্য ডিজিটাল যন্ত্র ব্যবহার করে প্রার্থীদের সহায়তা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর পুলিশ লাইন্স মোড়ের একটি বেকারির দোকান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার হওয়া দুজন হলেন মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) এবং একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি চক্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের পাস করিয়ে দেয়ার চেষ্টা করছিল।
উপ-পুলিশ কমিশনার আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও কানের ভেতরে ব্যবহার করা যায় এমন ক্ষুদ্র তারবিহীন হেডফোনসহ বিভিন্ন ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণের পরপরই পরীক্ষা কেন্দ্র থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন পাঠানো হতো। পরে চক্রের অন্য সদস্যরা দ্রুত উত্তর তৈরি করে ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের জানিয়ে দিত।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হবে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে অভিযান চলমান রয়েছে।










