প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দালাল আর অবৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ গিয়ে অনেকে বিপদে পড়েন। সরকার এসব অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে তত্পর রয়েছে। এরই মধ্যে অবৈধভাবে বিদেশ পাঠানো ও জালিয়াতির অভিযোগে ১৬৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বিকালে সিলেট সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

লিবিয়া থেকে ১৫২ বাংলাদেশীর ফেরত আসা প্রসঙ্গে তিনি বলেন, লিবিয়া থেকে যারা আজ (গতকাল) ফেরত এসেছেন, তারা অবৈধভাবে সেখানে গিয়েছিলেন। তবে সরকার তাদের সব ধরনের সাহায্য করবে।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, ফেরত আসা প্রত্যেককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ১ হাজার ৪০০ ডলার করে সহায়তা প্রদান করবে। সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মীদের উদ্ধারে হাইকমিশন কাজ করছে। সরকার এ সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।

দুয়েকটি দেশে এ রকম কিছু সমস্যা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, নানা সমস্যা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।