সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক কামাল হোসেন (৩০) কে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ঘাগটিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঘাগটিয়া এলাকার সামু মিয়ার ছেলে ফয়সাল আহমেদ, শাহনুর মিয়ার ছেলে আনহারুল ইসলাম, ছবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন, গোলাম হোসেনের ছেলে মাসবিরুল ইসলাম।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) দীপঙ্কর বিশ্বাস।

তিনি জানান, তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আখতারের নেতৃত্বে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের জিঙ্গেসাবাদ চলছে এবং নির্যাতিত সাংবাদিক মামলার প্রস্তুতি নিচ্ছেন। 

উল্লেখ্য, সোমবার(১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় স্থানীয় বালু-পাথর চক্র সাংবাদিক কামাল হোসেনকে হামলা করে ঘাগটিয়াবাজারে জনসম্মুখে গাছের সাথে বেঁধে নির্যাতন করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।