গাজীপুরের পূবাইলে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের সামনে ঝাপ দিয়ে এক মা প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নীপাড়া রেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই শিশুর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় রেল ক্রসিংয়ের গেটম্যান সাত্তার জানান, আজ সকালে পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নীপাড়া এলাকার রেললাইনের ওপর ওই নারী তার দুই সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে গেটম্যান তাদের রেললাইন থেকে সরে যেতে বলেন। তখন ওই নারীর দুই মেয়ে রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তে তিনি দুই সন্তানকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ জানান, ঘটনার জানতে পেরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। বিস্তারিত তথ্য সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।










