রথযাত্রা উপলক্ষে ৮ জুলাই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালায় মাসব্যাপী মেলা শুরু হয়। কোটা সংস্কার নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতিতে সারা দেশে শনিবার থেকে কারফিউ জারি করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পরও মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে দোকান বন্ধ করা হয়নি। সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালায় আয়োজিত মেলায় অর্ধশতাধিক দোকান বসানো হয়েছে। দর্শনার্থীরাও আসছে দূর-দূরান্ত থেকে।

দর্শনার্থীরা বলছেন, ঘরে বসে থাকতে বিরক্ত লাগছে। এজন্য মেলায় এসেছেন। কেউ কেউ অবশ্য নিজেকে স্থানীয় বাসিন্দা বলে দাবি করছেন। রহিমা বেগম নামে এক নারী বলেন, ‘ইন্টারনেট নেই, টিভি দেখা যাচ্ছে না। ঘরে বসে থেকে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তাই মেয়েকে নিয়ে মেলায় এসেছি।’ ফকিরহাট থেকে আসা দর্শনার্থী উজ্জ্বল দাস বলেন, ‘ছেলে কখনো রথ মেলায় আসেনি। তাই ওকে নিয়ে এসেছি। কারফিউর কথা শুনেছি। তবে এদিকে তো তেমন কিছু হয়নি, তাই  চলে এসেছি।’

সুব্রত নামে আরেক দর্শনার্থী বলেন, ‘যেখানে সমস্যা, সেখানে কারফিউ। বাগেরহাটে কী সমস্যা যে ঘরে থাকতে হবে। তাই এলাম, ঘুরলাম ভালোই লাগল।’

ব্যবসায়ীরা বলছেন, কারফিউর কারণে লোকজন কম। দোকান খোলা রাখা হয়েছে। ক্রেতা নেই। দেশের যে পরিস্থিতি তাতে মানুষের কেনাকাটা করার শখ নেই।

মেলা পরিচালনা কমিটি বলছে, পুলিশ এসে মেলা বন্ধ করতে বলেছিল, কিন্তু দু-একটি দোকান খোলা রয়েছে। লোক পাঠিয়ে বন্ধ করা হবে।

গোপাল জিউর মন্দিরসংলগ্ন রথ মেলা উদযাপন কমিটির সহকারী ক্যাশিয়ার পরিমল বসু বলেন, ‘কারফিউর কথা আমরা মূলত গত রোববার শুনেছি। এর পরই সব দোকান বন্ধ করতে বলা হয়েছে। এখনো কিছু দোকান খোলা রয়েছে। সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা হবে।’