খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১টি রিভলবার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, সালাউদ্দিন আহমেদ (২৯) এবং আবিদ হাসান রানা (৩৮)।
আজ শুক্রবার সকালে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানাধীন ৪নং ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। সকাল পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার একটি কক্ষের বিছানার নিচ থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে, একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর সক্রিয় সহযোগী বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশে নিজেদের সহযোগীদের অস্ত্র ও গুলি সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় খুলনা সদর থানায় সংশ্লিষ্ট অস্ত্র আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।
সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অপরাধী যতই সংঘবদ্ধ বা পরিকল্পিত হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।
এ ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগী ও ইন্ধনদাতাদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।










