দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল ও তার আগের দিন রাতে কিশোরগঞ্জ, গাইবান্ধা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে— 

কিশোরগঞ্জ: জেলার পাকুন্দিয়ায় দ্রুতগতির মালবাহী কাভার্ড ভ্যানচাপায় রিপন মিয়া (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের মরুরায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অন্য দুই আরোহী মোমেন মিয়া (২২) ও মোজাম্মেল হককে (৩৫) রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রিপনের দাদির জানাজায় শরিক হতে বাড়ি যাচ্ছিলেন। নিহত রিপন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। আর আহত দুজন হলেন একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া ও আবদুল আলীর ছেলে মোজাম্মেল হক। 

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় কবির হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের বালারছিড়া-শোভাগঞ্জ সড়কের বাদশা মিয়ার রাইচ মিলের পাশে ছোট ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন উপজেলার শোভাগঞ্জের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জালাল হোসেন জাল্লাদুরের ছেলে। 

বরিশাল: নগরীতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হন। গতকাল সকালে নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. রিয়াজ উদ্দিন সুমন (৪৫) বরিশাল নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, সুমন ও বেল্লাল নামের দুজন মোটরসাইকেলে নগরীর কালিজিরা ব্রিজ থেকে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রিয়াজ উদ্দিন সুমনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা: রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়কে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হন। বুধবার রাত পৌনে ১২টার দিকে জয়কালী মন্দির বরাবর মেয়র হানিফ উড়াল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু তাহের (৬৭)। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে তার লাশ শনাক্ত করেন স্বজন। 

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাক উল্টে আজিজুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিরা মৃত্যু হয়েছে। গতকাল ভোরে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কের আকুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখান দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের পুত্র।