সিলেটে গণপরিবহন সংকট দূর করতে চালু হয়েছে বাসসেবা ‘নগর এক্সপ্রেস’। ৪১টি বাস নিয়ে এ পরিবহন সেবা চালু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল দুপুরে সিলেটের নগর ভবনে এ বাসসেবার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিসিকের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, নিটল মোটরসের বাস ডিভিশনের প্রডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, সিলেট চেম্বারের পরিচালক ও নিটল মোটরসের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

বাসসেবা উদ্বোধনকালে ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ সেবা চালু আমাদের জন্য অনেক বড় অর্জন, যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিপক্ষ নই। সবাই মিলে আমরা সিলেট শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে চাই। সবাইকে নিয়ে সিলেটকে একটি মডেল নগরী গড়ে তুলতে চাই।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগর এক্সপ্রেসের ৪১টি বাসের মধ্যে নারীদের জন্য থাকছে আলাদা একটি বাস, যার চালক এবং সহযোগীও থাকবেন নারী। প্রাথমিকভাবে এসব বাস টুকেরবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ, টুকেরবাজার থেকে বন্দর হয়ে বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাতায়াত করবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে নিটলস মোটরসের ৩৫টি মিনি বাস নিয়ে ‘টাউন বাস’ সার্ভিস নামে ব্যক্তি উদ্যোগে সিলেটে একটি বাসসেবা চালু হয়েছিল। তবে নানা কারণে লোকসানের মাথায় বছর তিনেক আগে বন্ধ হয়ে যায় এ সেবা।