ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে আরো একটি ফেরি যুক্ত হয়েছে। এরই মধ্যে ফেরিটি যাত্রী ও ট্রাক পারাপার শুরু করেছে। গতকাল দুপুরে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নৌপথে ফেরি কাকলী, কেতকী, কস্তুরী, কামিনী, কুমারী ও কলমিলতার সঙ্গে মহানন্দা যুক্ত হওয়ায় এ রুটে ফেরির সংখ্যা হয়েছে সাতটি।

নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিআইডব্লিউটিসির নির্দেশনা অনুযায়ী ঘাটে মহানন্দা নামে একটি বড় ফেরি যুক্ত হয়েছে। নতুন ফেরি যুক্ত হওয়ায় নরসিংহপুর-চাঁদপুর নৌপথে যাত্রীরা নিশ্চিন্তে ঈদযাত্রা করতে পারবেন।