বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনে লিফট রয়েছে ১০টি। যার আটটিই অচল দীর্ঘদিন ধরে। পুরনো লিফটগুলোর বেশির ভাগের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। লিফট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল সংকটও রয়েছে। গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, অচল লিফটের মধ্যে তিনটি সচল করতে তারা কাজ করছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পাঁচতলার এ হাসপাতালে ৬০ বছর আগে চালু হয় ১০টি লিফট। সেগুলোর পাঁচটি অচল হয়ে পড়ায় ২০১৫ সালে তিনটি ও ২০২১ সালে দুটি প্রতিস্থাপন করা হয়। তবে যন্ত্রাংশ নষ্ট হওয়ায় নতুন পাঁচটিসহ আটটি লিফট অচল রয়েছে। এর মধ্যে একটিতে চিকিৎসক ও স্টাফ এবং অন্যটিতে মুমূর্ষু রোগী ওঠা-নামার কাজ চলছে।

শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা যে লিফটগুলো ব্যবহার করছি, সেগুলোও পুরনো হয়ে গেছে। এগুলোরও পরিবর্তন দরকার।’

এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে, যন্ত্রাংশ আমদানি করে আরো তিনটি লিফট চালুর চেষ্টা চলছে। এছাড়া ১০টি লিফট পরিচালনার জন্য ৬০ জন অপারেটর প্রয়োজন। কিন্তু সেখানে রয়েছে মাত্র ১৬ জন।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বণিক বার্তাকে বলেন, ‘তিনটি লিফটের রক্ষণাবেক্ষণে খুচরা যন্ত্রাংশগুলো লেটার অব ক্রেডিটের (এলসি) মাধ্যমে বিদেশ থেকে আনতে হবে। ডলারের দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার যন্ত্রাংশ সরবরাহ করতে পারেননি। অচিরেই আমরা লিফটগুলো চালুর ব্যবস্থা করব।’