বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আইডিআরএর মুখপাত্র সাইফুন্নাহার বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

অন্তর্বতী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগ পান এম আসলাম আলম। ওই সময়ে প্রজ্ঞাপনে বলা হয়েছিল, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর বা তার বয়স ৬৭ বছর পূর্তির মধ্যে যেটি আগে, সেসময় পর্যন্ত তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এম আসলাম আলম ২০১২ সালের নভেম্বরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে যোগ দেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ২০১৬ সালে আসলাম আলমকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। পরবর্তীতে তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (পিএটিসি) রেক্টর পদে নিয়োগ পেয়েছিলেন।