বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জন্য শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ খাত। এ খাতে দক্ষ মানবসম্পদ বাড়াতে হবে। পাশাপাশি এসব খাতে সম্পদের ব্যয়ও বাড়াতে হবে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) তৃতীয় কৃষি জৈবপ্রযুক্তি বিষয়ক যুব ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে এনএসইউ, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক স্থায়ী কমিটি (কমস্টেক) ও ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি।
ড. সালেহউদ্দিন বলেন, গত বাজেটে আমি অগ্রাধিকার ঠিক করতে গিয়ে সমস্যায় পড়েছিলাম। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তির খরচ কীভাবে কমানো যায়- তা নিয়ে সত্যিই দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু স্বীকার করতেই হবে, আমি তা করতে পারিনি। কেউ কেউ আমাকে মনে করিয়ে দিয়েছিল, ‘স্যার, আপনি তো এই খাতে বরাদ্দ কমিয়েছেন।’ এজন্য আমি দুঃখিত। কারণ আমাকে মানুষকে খাওয়াতে হয়। খাদ্য আমদানি করতে হয়।
তিনি আরো বলেন, আমরা বুঝেছি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, মানবসম্পদ ও দক্ষ জনশক্তির উন্নয়নে অবশ্যই সম্পদ বৃদ্ধি করতে হবে। সবচেয়ে বড় কথা, দীর্ঘমেয়াদী উন্নয়নের দিকে নজর দিতে হবে। কোরিয়ার দিকে তাকান। ১৯৬৪ সালে তাদের অবস্থা বাংলাদেশের মতই ছিল। কিন্তু এখন তারা কোথায় পৌঁছেছে দেখুন। একইভাবে থাইল্যান্ডের উদাহরণও চোখে পড়ার মতো। তারা শিক্ষায় জিডিপির ১২ শতাংশের বেশি ব্যয় করে। অথচ আমরা এখনো ৫ শতাংশের কাছাকাছি ব্যয় করছি। এ ব্যয় আরো বাড়াতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, ওআইসি-কমস্টেকের কো-অর্ডিনেটর জেনারেল প্রফেসর ইকবাল চৌধুরী, ইসলামি অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির সহকারী মহাপরিচালক খুশরভ নজিরি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিজ আল কায়সার, ট্রাস্টি বোর্ডের সদস্য এমএ কাশেম, উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান।










