নামের আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের শুনানি ফের পিছিয়েছেন উচ্চ আদালত। এ নিয়ে ৬৮তম বারের মতো পেছালো আলোচিত এ রিটের শুনানি। আজ রোববার (৩ নভেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের আদালত রিট শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৮ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানির তারিখ নির্ধারণ করা হয়। রিটটি আদালতে ৬৮ বার কজ লিস্টে আসার পরও শুনানি হয়নি। এর আগে গত শনিবার ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট নিষ্পত্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ নানা স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশসহ (ইউমব) চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।
সমাবেশে চিকিৎসকরা জানান, ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ যখন রাষ্ট্রের সকল সেক্টরকে নিয়মতান্ত্রিক আর সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করে যাচ্ছে, ঠিক এই সময়ে স্বাস্থ্য ব্যবস্থার চরম অব্যবস্থাপনার অন্যতম কারণ এই অচিকিৎসকদের চিকিৎসক হিসেবে চিকিৎসা দেয়ার সুযোগ থাকা। যা কখনোই কাম্য নয়। অনতিবিলম্বে এই রিটের নিষ্পত্তিকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের নিকট উদাত্ত আহ্বান করা হচ্ছে। অন্যথায় এ দেশের সচেতন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনতা আদালত এবং সরকারের উপর আস্থা হারাবে।










