জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ নতুন সাক্ষ্য উপস্থাপন করা হবে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ করা হবে। প্যানেলের অন্য দুই বিচারক হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ বেলা ১১টার কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আসেন হাসনাত। আদালতে আজ রাষ্ট্রপক্ষের ২২ তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন তিনি।
এ মামলার আসামি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জন। যাদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
গত ২৭ নভেম্বর টানা ১৮তম দিনের মতো ২১ নম্বর সাক্ষীর জেরা শেষ হয়। এরপরই নতুন দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল।
গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আবু সাঈদের মৃত্যু। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার একটি ভিডিও সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে।










