৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে পাবনায় অপহূত ইউপি সদস্য কোবাদ আলী ব্যাপারীকে (৫৩) ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর বাজারসংলগ্ন একটি মেহগনি গাছের বাগান থেকে অপহূত কোবাদকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধারকৃত ইউপি সদস্য কোবাদ আলী আমিনপুর থানার বাঘইল মধ্যপাড়া গ্রামের মৃত হাকিম ব্যাপারীর ছেলে এবং সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য। গ্রেফতারকৃত দুই অপহরণকারী হলেন, পাবনা শহরতলির সিঙ্গা উত্তরপাড়ার আহমেদ আলীর ছেলে মো. মামুন (২১) ও পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের দেওয়ান আব্দুল্লাহর ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।
এ বিষয়ে গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম। তিনি জানান, বুধবার দুপুরে কোবাদ আলী ব্যাপারী আমিনপুর থেকে বাসযোগে পাবনায় মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার পথে অপহরণের শিকার হন। পরে তার পরিবারের কাছে ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশে ২ দফায় ৪৫ হাজার টাকা অপহরণকারীদের দেয়। বিষয়টি জানার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করে।










