রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাল সোয়া ৪টায় তিনি সেখানে পৌঁছান।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের নেতারা।

রাতভর বৃষ্টিতে ঢাকার অনেক সড়ক জলমগ্ন হয়ে পড়লেও সময়ের সাথে সাথে পানি নেমে যায়। তবে এ বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে আসতে শুরু করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নানা স্লোগান দেন তারা। তাদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশস্থল। নেতাকর্মীদের বিস্তৃতি নয়াপল্টনে ছাড়িয়ে কাকরাইল, নাইটিঙ্গেল ও ফকিরেরপুল মোড় পযর্ন্ত ছড়িয়ে পড়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।