লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সকালে চন্দ্রগঞ্জ থানার এসআই মহসীন বাদী হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিফন খলিফা, ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন জয় ও এম সজীবসহ চারজনকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
জানা যায়, বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটির পক্ষে-বিপক্ষে কাজী সোলাইমান গ্রুপ ও চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপ মিছিল বের করে। এ সময় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উভয় দিক থেকে পুলিশের ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের দুজন এসআইসহ পাঁচজন আহত হয়েছেন। এতে পুলিশবাদী মামলা হয়েছে।’










