ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। 

রোববার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে অতিরিক্ত এসব ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বড় উড়োজাহাজগুলোতে ভ্রমণ করতে পারবেন।  

বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট (www.biman-airlines.com), বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করা যাবে। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড ‘‌BGDEAL24’ ব্যবহার করে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।