সিরাজগঞ্জের শাহজাদপুরে কালোবাজারে বিক্রির জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৬০ বস্তা চাল পাচারের সময় জব্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের এনায়েতপুরের বাদল মোড় এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রাকে থাকা অন্য দুজন পালিয়ে যায়। আটক ট্রাকচালক জহির মণ্ডল শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন থেকে ফেয়ার প্রাইজের ডিলার আব্দুল হাই এ সরকারি চাল কামারখন্দের এক চাতালে বিক্রির জন্য নিচ্ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলার আব্দুল হাই।

এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ট্রাকে করে সাড়ে তিন টন  সরকারি ন্যায্যমূল্যের চাল পাচারকালে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।’