দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে যশোর, চট্টগ্রাম, বান্দরবান, রাজবাড়ী ও কুমিল্লায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

যশোর: জেলার কেশবপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে এবং মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর-চুকনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আলতাপোল গ্রামের স্বর্ণের কারিগর জয়দেব সরকার (৫০) ও মধ্যকূল মাঝেরপাড়া এলাকার পথচারী আবুল কাশেম (৭৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেঁয়াজবোঝাই একটি ট্রাক চুকনগর থেকে যশোরে যাচ্ছিল। পথে উপজেলার মধ্যকূল এলাকায় আবুল কাশেমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে স্বর্ণের কারিগর জয়দেব সরকার কাজ শেষে কেশবপুর বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আলতাপোল বুঝতলায় পিকআপ পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেব সরকারের সাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম: নগরের ইপিজেড এলাকায় ট্রাকচাপায় জায়েদা আক্তার নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ইপিজেড থানার এসআই আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবান: জেলার রোয়াংছড়িতে পিকআপ উল্টে হ্লায়ইনু মারমা (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারী ও এক শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার তারাছা ইউনিয়নের মেরাইংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হ্লায়ইনু মারমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেরাইংপাড়ার চথোয়াইমং মারমার স্ত্রী।

পুলিশ জানায়, বান্দরবান-বেতছড়া সড়ক দিয়ে যাত্রীসহ পণ্য নিয়ে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। পথে মেরাইংপাড়া এলাকায় ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে হ্লায়ইনু মারমা মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেতছড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক প্রণয় চাকমা।

রাজবাড়ী: বালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি (২০) এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার বনগ্রামের নবিয়াল হোসেনের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা: দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার মোহাম্মদপুর গ্রামের ফয়েজ আলী বাড়ির মজিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মনির হোসেন তার প্রতিবেশী এক মুমূর্ষু রোগীকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি পার্শ্ববর্তী জমিতে আছড়ে পড়ে। এতে চালক মনির ও রোগীর স্বজন কাউছার আহমেদ (২৫) গুরুতর আহত হন। মনির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান। দেবিদ্বার থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।