বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বৈঠকটি ইতিবাচক হিসেবে দেখছি। বর্তমান সরকার একটি বিপ্লবের সরকার, অভ্যুত্থানের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। তবে জনগণের সরকার। এ সরকার যাতে ব্যর্থ না হয়, এজন্য প্রথম থেকেই সরকারের পাশে দাঁড়ানো ছিল আমাদের অঙ্গীকার।’
গতকাল দুপুরে ভোলা শহরের উকিলপাড়ায় শান্ত নীড়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকীতে যোগ দিতে ভোলায় আসেন আন্দালিব রহমান পার্থ।
সংস্কারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে আমি মনে করি বড় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বছর নির্বাচন হয়নি। মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি যদি রক্ষা করতে না পারি তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিত হবে না। নির্বাচন জুলাইয়ে হবে না ডিসেম্বরে হবে এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’










