খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভেরনশায়ার প্লেসের ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন।
তিনি বলেন, বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া আজ, কাল ও পরশু এ চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, উনার ডাক্তাররা (লন্ডন ক্লিনিকের ডাক্তাররা) বাসায় উনাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়তো উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে।
কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে জাহিদ বলেন, ডাক্তার সাহেবরা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।
এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডন পৌঁছে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়। ১৭ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর শর্তসাপেক্ষে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেয়ার অনুমতি দেন চিকিৎসকরা।















