পাবনার সাঁথিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল দুপুরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৪০) ও বড়পাইকসা গ্রামের শামসুল ইসলামের ছেলে নাসির হোসেন (৩৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এছাড়া আহতদের মধ্যে রওশন আলী ও হারুন হোসেন নামে দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে মুন্নাফ নাড়িয়াগদাই বাজারে সাচ্চু প্রামাণিকের কাছ থেকে জমি কেনেন। সেখানে বাড়ির কাজ শুরু করলে জমির সীমানা নিয়ে সাচ্চু প্রামাণিকের ভাই বাচ্চু প্রামাণিকের সঙ্গে বিরোধ দেখা দেয়। সালিশি বৈঠকে বিষয়টির নিষ্পত্তি হলে বাড়ির কাজ শুরু করেন মুন্নাফ। গতকাল সকালে শ্রমিকদের নিয়ে বাড়ির কাজ করছিলেন তিনি। বেলা ১১টার দিকে বাচ্চুর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত মুন্নাফসহ কাজ করতে আসা শ্রমিকদের ধারালো অস্ত্র ও মাটি কাটার কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই নাসির হোসেন মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মুন্নাফও। নির্মাণ শ্রমিক রওশন ও হারুনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত দুজনকে পাবনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।