রেল ও সড়ক দুর্ঘটনায় দেশের ছয় জেলায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে শাশুড়ি-পুত্রবধূসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড, যশোর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ ও মানিকগঞ্জে আরো আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চট্টগ্রাম: জেলার দোহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারীর সোনাই বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দনাইশ পৌরসভার কারেজি পাড়া এলাকার ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামীমা আকতার (৪২) এবং ময়মনসিংহ সদর উপজেলার মো. শরিফুল ইসলাম (২৬)। শামীমা আক্তার এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদের ভাগ্নি। শাশুড়ি ফাতেমার সঙ্গে দোহাজারীতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তারা। সেখান থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। শরিফুল ইসলাম একটি ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠানের কর্মী। তিনি দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে অটোরিকশায় চন্দনাইশের বিজিসি ট্রাস্ট হাসপাতালের দিকে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ঈগল পরিবহনের ছোট বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আরেকটি যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় বাসটির সঙ্গে দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশার দুজন এবং অন্য অটোরিকশার একজন নিহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে মোহাম্মদ আলী (৩০) নামে এক দোকানি নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ২০ যাত্রী। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীর যান এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কসবা উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক সাদেক মিয়া (৩৮), একই উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (১৯)।
আখাউড়া রেলওয়ের থানার ওসি এসএম শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
যশোর: দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লেগে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক এম জাফর আলী, সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আহমেদ আলীর ছেলে আক্তার হোসেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য (৩৫)।
পুলিশ জানায়, নিক্কন আঢ্য ৩৭তম ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি র্যাবে কর্মরত ছিলেন। রোববার মুন্সিগঞ্জ আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, স্বেচ্ছাসেবক দলনেতা ও আক্তারের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। আর পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে ঝিকরগাছায় বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল সকালে যশোর-বেনাপোল মহাসড়কের থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত নেছার আলীর ছেলে। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা: মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিন শ্রমিক। নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে। রোববার রাত ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ: নাচোলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ (২৮) নাচোল থানার নয়াদিয়াড়ী গ্রামের মো. সাদেক আলীর ছেলে। নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ: জেলার শিবালয়ে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় রিয়াদ রেজা (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার আরেক বন্ধু। গতকাল দুপুরে পাটুরিয়া ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার তেওতা ইউনিয়নের গান্ধাইল গ্রামের রেজাউলের ছেলে। আহত রোমানকে (২০) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াদ ও তার বন্ধু রোমান মোটরসাইকেল নিয়ে আরিচা থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। আরসিএল মোড়ের কাছে সেলফি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই রিয়াদ নিহত হন। পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।










