পাবনার আটঘড়িয়া উপজেলায় আকরাম আলী (৪২) নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর এলাকায় এ ঘটনা ঘঠে। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আকরাম জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামের মৃত আ. সামাদের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আকরামকে বুধবার রাতের কোনো এক সময় পিটিয়ে হত্যা করে মরদেহ ওই এলাকায় ফেলে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আটঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।










