গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন মারা গিয়েছে। শুক্রবার (২৯ মার্চ)
রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজীপুর জেলার টঙ্গী, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় এ দুর্ঘটনাগুলো
ঘটে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা
সাতাইশ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় হালিমা আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় পোশাক শ্রমিক ও স্থানীয়রা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ
করে রাখে। নিহত হালিমা আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কাচারী পোড়াডাঙ্গা গ্রামের
আব্দুল হাইয়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই নারী পোশাক শ্রমিক সড়কের পূর্ব পাশ
থেকে পশ্চিম পাশের অংশে যাচ্ছিলেন। এ সময় বিআরটির মাঝের লেনে পৌঁছলে গাজীপুরমুখী দ্রুতগামী
একটি গাড়ি হালিমা আক্তারকে ধাক্কা দিলে অপর দিক থেকে আরেকটি গাড়ি ওই নারীকে চাপা দিলে
ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুর্ঘটনাস্থলে ঢাকা-ময়মনসিংহ
মহাসড়কে অবরোধ তৈরি করা হয়। এ সময় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন
মহাসড়কের যাত্রীরা।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাফিজুর
ইসলাম বলেন, নিহত ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এছাড়া গাড়িটি শনাক্তের কাজ চলছে। আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে
সরিয়ে নেয়া হলে রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ফাতেমা বেগম (৩৫) নামের এক নারী পিকআপ চাপায় নিহত
হয়েছেন। নিহত ফাতেমা বেগম জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নুর ইসলামের
স্ত্রী। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালার ২নং সিএন্ডবি বাজার এলাকায় ঝিনুক কার সার্ভিসিংয়ের
সামনে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনে একটি পিকআপ তাকে ধাক্কা
দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি
জানান।
এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির
ধাক্কায় ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, শনিবার (৩০ মার্চ) সকাল ৭টার
দিকে জেলার কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় জিএমএস গার্মেন্টস কারখানার সামনে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।
যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর (২১) নামে
এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত জাহাঙ্গীর
(২১) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লেপিরকান্দা গ্রামের আকবর আলীর ছেলে। জাহাঙ্গীর
কাকলী ফার্নিচার কারখানায় কর্মরত ছিল।
শুক্রবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে
জানান শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন। তিনি জানান, গত ২৬ মার্চ শ্রীপুর
পৌরসভার কেওয়া বাজার এলাকায় পারটেক্স কারখানার সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি
সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর মাথায় ও আরোহী মাহিম হাত ভেঙে গুরুতর
আহত হন। আহতাবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জাহাঙ্গীরের
শারীরিক অবস্থার অবনতি হলে আগারগাঁও নিউরোলজি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জাহাঙ্গীরকে
ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে শুক্রবার দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়।










