জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশে নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে, সেটা মেনে নেয়া হবে না। জুলাই অভ্যুত্থানের কথা শুনলে এখনো মানুষের শরীর শিউরে ওঠে। তাদের সামনে আবার কেউ নতুন করে স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না।

সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আমরা মনে করি, এককভাবে এখনো দেশের রাজনীতিতে কেউই শক্তিশালী নয়। আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণরা প্রতিনিধিত্ব না করলে গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয়। আগামীতে কোনো রাজনৈতিক দলই এককভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে না। সেখানে এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব লাগবেই।

এ সময় তিনি প্রতিশ্রতি দেন, যারা জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে এবং যারা খুনিদের বিচারের জন্য কাজ করবে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যেকোনো পরিস্থিতিতে কাজ করবেন তারা।

সারজিস আলম অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখুক।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও বগুড়া জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।