নেত্রকোনা জেলা কারাগারে ম্যাজিস্ট্রেট সেজে আসামির সাথে দেখা করতে এসে আটক হয়েছেন জুয়েল রানা নামের এক যুবক। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করেন কারারক্ষীরা। আটক জুয়েল সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের সাতপাটি গ্রামের আবদুল কদ্দুছের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার সাতপাটি গ্রামের জুয়েল রানা ম্যাজিস্ট্রেট সেজে বৃহস্পতিবার জেলা কারাগারে আসামি দেখতে যান। এ সময় তার আচরণ দেখে কারারক্ষীদের সন্দেহের সৃষ্টি হয়। পরে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

এ ঘটনায় ডেপুটি জেল সুপার সিরাজুস সালেহীন বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় জুয়েল রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আসামি দেখার জন্য কারাগারে গেলে জুয়েল রানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।