ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আবৃত্তি সংসদের কক্ষ দখল ও নীতিবিরোধী কাজের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ড্যান্স ক্লাবের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের বাজেটে তালিকাভুক্ত সংগঠন না হওয়া সত্ত্বেও ক্লাবটি বহিরাগতদের প্রবেশের সুযোগ তৈরি করছে এবং বাইরের সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সদস্যরা।
আবৃত্তি সংসদ সদস্যদের দাবি, টিএসসির ১১৮ নম্বর কক্ষে চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে তারা সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ড্যান্স ক্লাবের নিজস্ব কোনো কক্ষ না থাকায় সাময়িকভাবে তাদের উক্ত কক্ষ ব্যবহার করতে দেয়া হয়েছিল। তবে পরবর্তীতে ক্লাবে বহিরাগতদের নিয়ে যাতায়াত ও কার্যক্রম পরিচালনা করছে। আবৃত্তি সংসদের আসবাবপত্র, কাগজপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম অযাচিত ব্যবহারের মাধ্যমে নষ্ট করছে। এমনকি এসব জিনিস চুরির অভিযোগও উঠেছে।
আবৃত্তি সংসদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগে বলা হয়েছে, ড্যান্স ক্লাব কার্যত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো কার্যক্রম পরিচালনা করছে না অথচ তারা বহিরাগতদের অনধিকার প্রবেশের সুযোগ তৈরি করছে, যা কক্ষটির নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে এবং সংসদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।
অভিযোগে ড্যান্স ক্লাবের সাবেক সভাপতি আবুজার গিফারীর বিরুদ্ধেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, তিনি একাধিকবার আবৃত্তি সংসদ সদস্যদের সঙ্গে কক্ষ ব্যবহার নিয়ে অযৌক্তিক বাকবিতণ্ডায় জড়ান এবং মারমুখী পরিস্থিতি সৃষ্টি করেন।
এ পরিস্থিতিতে আবৃত্তি সংসদের সদস্যরা তাদের সাংগঠনিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
ড্যান্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ্ আল মুবিন বণিক বার্তাকে বলেন, তাদের প্রথম যে অভিযোগ আমি এই অভিযোগের বিরুদ্ধে সরাসরি এটা বলব যে আমরা কোনো ধরনের বহিরাগত সংগঠনের প্রতিনিধিত্ব বা বহিরাগত সংগঠনকে আমাদের রুমে প্রশ্রয় দিই না। উপরন্তু তারা সম্মিলিত সাংস্কৃতিক জোট নামে একটি উদ্বাস্তু সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তির সংসদের জন্য বরাদ্দকৃত রুমে জেনারেল এক্সিকিউটিভ মেম্বার মিটিং করার পারমিশন দিয়েছে। এতেই প্রতীয়মান হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ বহিরাগতদের রুমে অ্যাকসেস দিচ্ছে। তাদের যে দ্বিতীয় অভিযোগ সেটির সঙ্গেও আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। কারণ এখন পর্যন্ত তাদের মালিকানাধীন কোনো বস্তু হারানোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের কোনো সম্পৃক্ততা নেই এমনকি বাস্তবতা এটাই বলে যে তাদের সংগঠনের কোনো ব্যবহারযোগ্য জিনিসপত্র এখন পর্যন্ত হারায়নি বরং পূর্বে এই রুমে থাকা সংগঠনের একটি হারমোনিয়াম রুম থেকে চুরি হয়ে যায়, যার হদিস এখনো পাওয়া যায়নি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের ব্যবহার্য একটি সাউন্ড বক্স চুরি হয়ে গেছে। তাদের যে তৃতীয় অভিযোগ এটাও সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের সাবেক সভাপতি আবুজার গিফারী তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করেনি বরং তারা আবুজার গিফারী ভাইকে মিথ্যা চুরির অভিযোগ এনে তাদের চেয়ে বয়স এবং সেশনে অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও আবুজার গিফারী ভাইকে তারা গালিগালাজ করেছে।
তিনি বলেন, তাদের যে তিন নম্বর অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা। তারা প্রমাণ ছাড়াই একজন ব্যক্তির নামে চারিত্রিক এলিগেশন এনেছে, যেটা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের সভাপতি হিসেবে কথা দিচ্ছি আমি নিজেই সাবেক সভাপতি আবুজার গিফারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।










