কয়েক মাস ধরে ভারতের পরিষেবা খাতের গতি শ্লথ হয়ে পড়েছিল। আগস্টে খাতটি শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত মাসে এ খাতে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। উৎপাদন ব্যয়ের চাপ ১১ মাসের মধ্যে সবচেয়ে ধীর হওয়ার বিষয়টি পরিষেবা খাতের পুনরুদ্ধারে সহায়তা করেছে।

দ্য প্রিন্টের খবর অনুসারে, রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবালের ইন্ডিয়া সার্ভিসেস পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) আগস্টে ৫৭ দশমিক ২ পয়েন্টে উন্নীত হয়েছে। জুলাইয়েও এ সূচক ৫৫ দশমিক ৫ পয়েন্টে ছিল। পিএমআই ৫০ পয়েন্টের ওপর প্রসারিত এবং এর নিচে সংকোচনের চিত্র তুলে ধরে।

জুলাইয়ে পরিষেবা সংস্থাগুলোর সামগ্রিক নতুন ক্রয়াদেশ বেড়েছে। ফলে পরিবহন, তথ্য ও যোগাযোগ ব্যবসায়ের উৎপাদন বেড়েছে। গত মাসে উৎপাদন খরচ কমানোর সঙ্গে সঙ্গে উচ্চ প্রবৃদ্ধি ভারতের পরিষেবা খাতের কর্মক্ষমতা বাড়িয়েছে।

জুলাইয়ে পিএমআই সমীক্ষা অনুসারে, জুনের ৯ শতাংশের তুলনায় মাত্র ৫ শতাংশ প্রতিষ্ঠান আগামী বছরে উৎপাদন বৃদ্ধির আশা করেছিল। ওই সময়ে সূচকটি ১১ বছরের মধ্যে ৫৯ দশমিক ২ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের অর্থনৈতিক সহকারী পরিচালক পলিয়ানা ডি লিমা বলেন, ভোক্তা পরিষেবাগুলো সর্বোচ্চ উৎপাদন খরচের সম্মুখীন হলেও পরিবহন, তথ্য ও যোগাযোগ পরিষেবাগুলো বিক্রিতে দ্রুত বৃদ্ধির রেকর্ড করেছে।

নতুন ক্রয়াদেশ বাড়ায় ভারতের উৎপাদন খাতের পিএমআইও বেড়েছে। পাশাপাশি এসঅ্যান্ডপি গ্লোবাল ইন্ডিয়া কম্পোজিট পিএমআই উৎপাদনে সূচক ৫৬ দশমিক ৬ থেকে বেড়ে ৫৮ দশমিক ২ পয়েন্টে পৌঁছেছে। গত ১৯ মাসের মধ্যে আগস্টে মূল্যস্ফীতির হার সর্বনিম্ন ছিল। উৎপাদন ও পরিষেবা সংস্থাগুলোর সম্মিলিত মূল্যস্ফীতি কম থাকায় এ রেকর্ড হয়েছিল।