এ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা। টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন তিনি। এবার স্বামীর সঙ্গে পবিত্র ওমরাহ পালনের ছবি প্রকাশ করে নিজের বৈবাহিক জীবনের খবর জানালেন এ অভিনেত্রী।
আজ দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের সামনে স্বামীর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন নীহা। তবে ছবিতে স্বামীর মুখ আড়ালে রেখেছেন তিনি।
ছবি প্রকাশের পাশাপাশি নিজের অনুভূতির কথাও জানিয়েছেন নীহা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা নিজেদের মধ্যে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন সেই পথচলার গল্পই আনন্দের সঙ্গে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।’
তিনি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে আমাদের একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এই বন্ধন যেন সবসময় বরকতে পরিপূর্ণ থাকে।’
নীহার এ পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীরাও তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
এর আগে গত জুনের শেষ দিকে নিজের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড’ উল্লেখ করেছিলেন নাজনীন নীহা। এরপর তার বাগ্দানের খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় আনুষ্ঠানিকভাবে বাগ্দানের কোনো ঘোষণা দেননি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। শুধু বলেছিলেন, তিনি আর সিঙ্গেল নন। বাকি বিষয়গুলো সময় হলে সবাই জানতে পারবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। এবার স্বামীর সঙ্গে ছবি প্রকাশের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় সামনে আনলেন নীহা।
তবে এখনো স্বামীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। নীহার স্বামী বাংলাদেশের নাগরিক নন, তিনি পাকিস্তানি। যদিও এ বিষয়ে নীহা বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।










