মারা গেছেন চিলির অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও। গত শুক্রবার ৫২ বছর বয়সে চিলির রাজধানী সান্তিয়াগোতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় নিজের দশম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছিলেন তিনি। লেলিওর মৃত্যুর খবর ইনস্টাগ্রামে জানান তার জীবনসঙ্গী অভিনেত্রী আমালিয়া কাসাই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণে তার মৃত্যু হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। ১৯৭৪ সালে আর্জেন্টিনার মেন্দোজায় জন্ম লেলিওর। দুই বছর বয়সে পরিবারের সঙ্গে চিলিতে চলে যান তিনি। ২০০৫ সালে ‘লা সাগ্রাদা ফামিলিয়া’ দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ‘গ্লোরিয়া’ (২০১৩) তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। তবে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ তার ক্যারিয়ারের বড় সাফল্য।
তার পরিচালিত উল্লেখযোগ্য ইংরেজি ভাষার চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডিসওবিডিয়েন্স’, ‘গ্লোরিয়া বেল’ ও ‘দ্য ওয়ান্ডার’। মৃত্যুর আগে আলেজান্দ্রো জামব্রার উপন্যাস অবলম্বনে ‘চিলিয়ান পোয়েট’ নির্মাণ করছিলেন তিনি। ফাবুলা প্রযোজিত সিনেমাটির কাজ তার মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেল।










