নিতেশ তিওয়ারির রামায়ণ মুক্তি পেল গত বৃহস্পতিবার। মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি বক্স অফিসেও শুরুটা হয়েছে মোটামুটি ভালো। মজার ব্যাপার হলো সিনেমাটির প্রাথমিক আয় ছিল তুলনামূলক কম। ওম রাউত পরিচালিত প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান অভিনীত ‘আদিপুরুষ’-এর (২০২৩) তুলনায় কম আয় দিয়ে যাত্রা করেছিল সিনেমাটি। তবে দ্বিতীয় দিনে বেশি আয় করেছে। দুদিনে মোট আয় দাঁড়িয়েছে ২২১ কোটি রুপিতে। তৃতীয় দিনেই ৩০০ কোটি রুপি পার করে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
মুক্তির প্রথম দিনে ‘রামায়ণ’ আয় করেছে ১২৭ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে ‘আদিপুরুষ’-এর প্রথম দিনের আয় ছিল ১২৮ কোটি রুপি। তবে দ্বিতীয় দিনে ভারতের বাজারে ছবিটির আয় কমেছে। প্রথম দিনে নীতেশ তিওয়ারির রামায়ণ ৬৪ কোটি ৮৫ লাখ রুপি নেট (কর প্রদাণের পর) আয় করলেও দ্বিতীয় দিনে তা নেমে এসেছে ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। তা সত্ত্বেও বিশ্বব্যাপী আয়ের হিসাবে ‘আদিপুরুষ’-কে পেছনে ফেলেছে সিনেমাটি।
বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট সাচনিল্কের দেয়া তথ্যানুযায়ী, দ্বিতীয় দিনে ভারতের বাইরের বাজার থেকে ‘রামায়ণ’ আয় করেছে ৩৫ কোটি রুপি। এতে বিদেশের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮৬ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে দুদিনে ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস (কর প্রদান ব্যতীত) আয় ১৩৪ কোটি ৮০ লাখ রুপি। সব মিলিয়ে দুদিনে বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর আয় দাঁড়িয়েছে ২২১ কোটি ৫ লাখ রুপি। মজার ব্যাপার একই সময়ে ‘আদিপুরুষ’-এর বিশ্বব্যাপী আয় ছিল ২১৫ কোটি ৭৮ লাখ রুপি।
তবে মুক্তির ব্যাপ্তির দিক থেকে ‘আদিপুরুষ’-এর চেয়ে এগিয়ে রয়েছে ‘রামায়ণ’। ভারতে ছবিটি প্রদর্শিত হচ্ছে ২৩ হাজার ৩১৬টি শোতে। অন্যদিকে ‘আদিপুরুষ’-এর শো সংখ্যা ছিল ১৬ হাজার ১২০।
অবশ্য বক্স অফিসের অন্য বড় ছবিগুলোর সঙ্গে তুলনা করলে এখনো পিছিয়ে রয়েছে ‘রামায়ণ’। ভিন্ন ঘরানার হলেও আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর তুলনায় ছবিটির আয় কম। রণবীর সিং অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দুদিনে আয় করেছিল ৩৫৮ কোটি ৮৬ লাখ রুপি। রণবীর কাপুরের আগের ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এর দুদিনের আয়ও ছিল ২৩৬ কোটি ১ লাখ রুপি।
তবে এখনো ছবিটির প্রথম সপ্তাহান্ত বাকি। রোববার দীপাবলি হওয়ায় উৎসবের ছুটিতে আয় আরো বাড়তে পারে। এদিকে আরো কিছু বিষয় আছে। বাণিজ্য ও বক্স অফিস বিশ্লেষকরা মনে করেন রামায়ণ তুলনামূলক বেশিদিন প্রেক্ষাগৃহে চলবে। ফলে সিনেমাটি আয় ধীরে ধীরে হবে এবং চলমান থাকবে। এরই মধ্যে যেভাবে আয় করেছে, সপ্তাহান্তে ৬০০ কোটি রুপি আয় ছাড়িয়ে যাবে বলেই পূর্বাভাস ভারতীয় গণমাধ্যমের।
সূত্র: হিন্দুস্তান টাইমস










