নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পেলেও অভিনয়ে নিজের অবস্থান তৈরি করেছেন সিনথিয়া ইয়াসমিন। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি নৃত্যচর্চাও চালিয়ে যাচ্ছেন। এবার প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘গ্যাপ’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় মীরা চরিত্রে দেখা গেছে তাকে। এটি বাংলাদেশের প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত সিনেমা।

প্রথম সিনেমায় অভিনয় এবং নতুন প্রযুক্তির এ ধরনের কাজে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সিনথিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের প্রথম এআই সিনেমায় আমি অভিনয় করেছি। একটা ইতিহাসের সঙ্গে আমার যুক্ত থাকা, এটা আমার জন্য কত বড় প্রাপ্তি এবং কতটা ভালো লাগার, তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। এ সিনেমায় পাঁচ দিন শুটিং করতে হয়েছে। এরপর এআইকে কাজে লাগানো হয়েছে। গল্পটা ভীষণ সুন্দর, যা দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। এরই মধ্যে এ সিনেমায় কাজ করার জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ বান্নাহ ভাইকে।’

অভিনয়ের পাশাপাশি নৃত্যচর্চা চালিয়ে যাওয়ার বিষয়ে সিনথিয়া বলেন, ‘আমি আসলে ভালো ভালো কাজ করতে চাই। একজন নৃত্যশিল্পী হয়ে অভিনয়ে ধারাবাহিকতা রাখা সহজ কোনো বিষয় নয়। কঠিন হলেও আমি দুটোই সমানতালে করে আজকের এ পর্যায়ে আসতে পেরেছি। আগামীতে আমি আরো ভালো ভালো কাজ করতে চাই। বিশেষত ওটিটিতেও কাজ করতে চাই।’

এদিকে নাটকেও ব্যস্ত সময় পার করছেন সিনথিয়া। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ফুলগাঁও’ ধারাবাহিক নাটকে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটি প্রচারের অপেক্ষায় রয়েছে। এছাড়া রুমান রুনির পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গে ‘হাঁড়ির খবর’ নাটকেও অভিনয় করেছেন এ অভিনেত্রী।

নৃত্যশিল্পী হিসেবেও সম্প্রতি প্রশংসা পেয়েছেন সিনথিয়া। গত আগস্টে ফ্রান্সের বিভিন্ন স্টেটে ‘মহুয়া পালা’য় মহুয়ারূপে পরিবেশনায় অংশ নেন তিনি। এ কাজের জন্য প্রশংসিত হয়েছেন। কিছুদিন আগে নৃত্যশিল্পী হিসেবে ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’ পেয়েছেন সিনথিয়া। ‘নৃত্যাঙ্গন’ তাকে এ সম্মাননায় ভূষিত করে।