নতুন সিরিজ নিয়ে আসছে নেটফ্লিক্স। কিছুদিন আগেই শেষ হলো তাদের জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস। এবার ওটিটি প্লাটফর্মটি ঘোষণা দিল ‘স্ট্রেঞ্জার থিংস’-এর স্পিন-অফের। সিরিজটির নাম ‘আদার ওয়ার্ল্ডস: আ স্ট্রেঞ্জার থিংস অ্যাডভেঞ্চার’। ২০২৮ সালে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। ‘স্ট্রেঞ্জার থিংস ডে’ উপলক্ষে এ ঘোষণা দেয়া হয়েছে। মূল সিরিজের গল্পে ১৯৮৩ সালের ৬ নভেম্বর উইল বায়ার্স নিখোঁজ হয়েছিল। সে দিনটিকে স্মরণ করেই প্রতি বছর উদ্‌যাপন করা হয় ‘স্ট্রেঞ্জার থিংস ডে’।

এ নিয়ে ‘স্ট্রেঞ্জার থিংস’ ইউনিভার্সে তৈরি হচ্ছে চতুর্থ প্রকল্প। মূল সিরিজের পাশাপাশি রয়েছে অ্যানিমেটেড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস: টেলস ফ্রম ’৮৫’ এবং মঞ্চনাটক ‘স্ট্রেঞ্জার থিংস: দ্য ফার্স্ট শ্যাডো’। শেষেরটি হেনরি ক্রিল, অর্থাৎ ভেকনার অতীতের গল্প তুলে ধরে। স্পিন-অফ সিরিজটির পরিকল্পনার কথা প্রথম জানা গিয়েছিল ২০২২ সালে।

‘আদার ওয়ার্ল্ডস’-এর গল্প সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, এটি হবে প্রিকুয়াল বা পূর্ব কাহিনী। অর্থাৎ ‘স্ট্রেঞ্জার থিংস’ ও ‘দ্য ফার্স্ট শ্যাডো’-এর ঘটনাগুলোর আগের সময়কে ঘিরে তৈরি হবে সিরিজটি। সময়কাল পঞ্চাশের দশক। মূল সিরিজের শেষ পর্বকে ঘিরে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাট ও রস ডাফার জানিয়েছিলেন, হেনরি ক্রিল সেই অদ্ভুত জগতের পদার্থের সংস্পর্শে আসার আগের ঘটনাগুলোই নতুন সিরিজের কেন্দ্রে থাকবে। ওই পদার্থের সংস্পর্শেই হেনরি বিশেষ ক্ষমতার অধিকারী হয়েছিল।

40

সিরিজটির প্রকাশিত টিজারেও সময় ও স্থান সম্পর্কে ধারণা পাওয়া গেছে। গল্পের পটভূমি ১৯৫৫ সালের নেভাডার মেরিয়ন শহর।

‘স্ট্রেঞ্জার থিংস’-এর লেখক কেট ট্রেফ্রির সঙ্গে যৌথভাবে সিরিজটি তৈরি করছেন ডাফার ব্রাদার্স। ট্রেফ্রি সিরিজটির শো রানার ও নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন। প্রথম তিনটি পর্ব পরিচালনা করবেন জো রাইট। নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন তিনি। এছাড়া ২১ ল্যাপসের শন লেভি, পল ডিখটার, শেলি মিলস, আন্দ্রেয়া স্পার্লিং ও পাভলিনা হাটুপিস নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। সিরিজটির শুটিং হবে নিউ মেক্সিকোয়।

নতুন সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যাট ও রস ডাফার। তাদের ভাষ্য, ‘অনেক বছর ধরেই আমরা “আদার ওয়ার্ল্ডস: আ স্ট্রেঞ্জার থিংস অ্যাডভেঞ্চার” নিয়ে ভাবছি। এখন সেটি বাস্তবে রূপ নিতে দেখাটা অবিশ্বাস্য ও রোমাঞ্চকর। আমাদের অসাধারণ সহযোগীদের কাছে আমরা কৃতজ্ঞ।’

কেট ট্রেফ্রিও নতুন সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘হলিউডে আমার প্রথম পারিশ্রমিক পাওয়া কাজটি দিয়েছিল ডাফার ব্রাদার্স। এর পর থেকে প্রতিটি অভিজ্ঞতাই ছিল আনন্দময় ও স্বপ্নের মতো। এবার তাদের এবং পরিচালক জো রাইটের সঙ্গে “স্ট্রেঞ্জার থিংস”-এর নতুন অধ্যায় তৈরি করার সুযোগ পাওয়া আমার জন্য অসাধারণ সম্মানের।’

সূত্র: ভ্যারাইটি