ভ্রমণ চাহিদা বাড়ায় বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এয়ার অ্যারাবিয়ার মুনাফায় উল্লম্ফন দেখা দিয়েছে। এ সময়ে মধ্যপ্রাচ্যের বাজেট এয়ারলাইনসটির যাত্রী সংখ্যা বেড়ে তিন গুণ হয়েছে। খবর ন্যাশনাল নিউজ।
সম্প্রতি দেয়া এক বিবৃতিতে এয়ার অ্যারাবিয়া জানায়, ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ১৬ কোটি দিরহামে (৪ কোটি ৩৫ লাখ ডলার) পৌঁছেছে। যেখানে গত বছরের একই সময়ে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল মাত্র ১ কোটি দিরহাম। এ সময়ে সংস্থাটির আয় দ্বিগুণেরও বেশি বেড়ে ১১১ কোটি দিরহামে দাঁড়িয়েছে। এক বছর আগে যা ছিল ৯ কোটি ৬০ লাখ দিরহাম।
এয়ার অ্যারাবিয়ার চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বিন মোহামেদ আল থানি বলেন, বছরের প্রথম প্রান্তিকে ভ্রমণ চাহিদায় আমরা যে পরিবর্তন দেখতে পেয়েছি তা দ্বিতীয় প্রান্তিকেও অব্যাহত রয়েছে। এছাড়া যাত্রীদের চাহিদা ও ব্যবস্থাপনা ব্যয় কমানোর যে উদ্যোগ নিয়েছিল তা সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে সহায়তা করেছে।
তিনি আরো বলেন, এয়ার অ্যারাবিয়া বৈচিত্র্য আনার পাশাপাশি ব্যবসা বিস্তারে কাজ করছে। সেই সঙ্গে পরিচালন ব্যয় আরো কীভাবে কমানো যায় সে লক্ষ্যে ও পণ্য উদ্ভাবনে বিনিয়োগের বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
কভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ দুই বছর সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। সংক্রমণ কমে আসার পর ধীরে ধীরে দেশগুলো তাদের সীমান্ত খুলে দিচ্ছে। যে কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাত্রীদের ভ্রমণের চাহিদাও বাড়ছে। তবে জ্বালানি তেলের উচ্চমূল্য, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, কর্মী সংকট এভিয়েশন বা আকাশপথে যোগাযোগ খাতের পুনরুদ্ধারকে প্রভাবিত করেছে। কেননা বর্তমানে প্রতিষ্ঠানগুলো চাহিদার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে।
২০২২ সালের মার্চ থেকে জুন পর্যন্ত এয়ার অ্যারাবিয়া পাঁচটি হাবের মাধ্যমে ২৭ লাখ যাত্রী বহন করেছে। যার বার্ষিক বৃদ্ধির হার ১৯৫ শতাংশ। এয়ারলাইনসটির আসন বরাদ্দের হার ১৩ শতাংশ বেড়ে দ্বিতীয় প্রান্তিকে ৭৯ শতাংশে পৌঁছেছে। ২০২২ সালের প্রথমার্ধে এয়ার অ্যারাবিয়ার মোট লভ্যাংশ ৪৫ কোটি ১ লাখ দিরহামে উন্নীত হয়েছে। যেখানে ২০২১ সালের প্রথম ছয় মাসে এর পরিমাণ ছিল ৪ কোটি ৪০ লাখ। বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির মুনাফা দ্বিগুণ বেড়ে ২২৪ কোটি দিরহামে পৌঁছেছে।
চলতি বছরের প্রথমার্ধে এয়ার অ্যারাবিয়া বহরে নতুন ছয়টি উড়োজাহাজ যুক্ত করেছে। পাশাপাশি শারজাহ, রাস আল খাইমাহ, মরক্কো ও মিসরে থাকা হাবগুলোর মাধ্যমে ১৬টি নতুন রুট চালু করেছে। জুনে ফ্লাই আরনা ও এয়ার অ্যারাবিয়া আর্মেনিয়ান ন্যাশনাল ইন্টারেস্টের সঙ্গে যৌথভাবে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) গ্রহণ করে। এটি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে হুরগাদা এবং মিসরের শারম আল-শেখের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে।








