অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন। একই সঙ্গে ট্রাস্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও আহসান জামান চৌধুরীকে সংগঠনের সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটি ২০২৬-২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে। দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন এবিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন প্রাইম ব্যাংক পিএলসির এমডি হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসির এমডি মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এমডি মোহাম্মদ মামদুদুর রশীদ।

এছাড়া এনআরবি ব্যাংক পিএলসির এমডি তারেক রিয়াজ খান ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসির এমডি মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে রাখা হয়েছে বিভিন্ন ব্যাংকের আরো ১২ জন এমডি ও সিইওকে।

এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন একজন অভিজ্ঞ পেশাদার ব্যাংকার, ব্যাংকিং খাতে তার রয়েছে ৩১ বছরের অভিজ্ঞতা। তিনি গত সাত বছর সিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে মাসরুর আরেফিন গত সাত মাস এবিবির অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশে সুইফট মেম্বারস অ্যান্ড ইউজারস গ্রুপের (এসএমইউজিবি) চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগ দেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই থেকে ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।