শিল্পখাতে প্রণোদনার অংশ হিসেবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। শিল্প খাতে সহায়তা ও ন্যায়সঙ্গত প্রতিরক্ষণ প্রদান প্রসঙ্গে বাজেট বক্তৃতায় আজ সোমবার (২ জুন) এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

পরিবহন খাতে টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ১৬-৪০ আসন বিশিষ্ট বাস আর ১০-১৫ আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক-কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, সিল্ড ব্যাটারি, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার, ব্যাটারির সেপারেটর, লিফট- এর যন্ত্রাংশ ও এলইডি বাতির যন্ত্রাংশসহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, ওষুধ শিল্পে ক্যান্সারসহ সব ধরনের রোগের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি ও এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

কৃষিতে কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেছেন, স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন্ড হারভেস্টার তৈরির যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে।