সাইবার নিরাপত্তা নিশ্চিতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি-৬ সাইবার’ উন্মোচনের করবে ওপেনএআই। গত বৃহস্পতিবার মার্কিন সাময়িকী ফরচুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। পরিকল্পনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জিপিটি-৬ সাইবারের পাশাপাশি নতুন একটি পণ্যও আনতে পারে ওপেনএআই। এ পণ্য ব্যবহার করে গ্রাহকরা মডেলটি আরো নিরাপদভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজে লাগাতে পারবেন বলে জানিয়েছে ফরচুন। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও নিয়মিত কর্মঘণ্টার বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি ওপেনএআই।

সান ফ্রান্সিসকোতে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওপেনএআইয়ের ‘ডেভডে’ অনুষ্ঠানে জিপিটি-৬ সাইবারের ঘোষণা আসতে পারে। ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ওপেনএআইয়ের চতুর্থ সাইবার নিরাপত্তাবিষয়ক মডেল হবে এটি।

এরই মধ্যে সীমিতসংখ্যক গ্রাহক জিপিটি-৬ সাইবার ব্যবহারের সুযোগ পেয়েছেন। আবেদনভিত্তিক ‘ডেব্রেক রেড’ সাইবার নিরাপত্তা কর্মসূচির আওতায় তারা মডেলটির প্রাথমিক বা আলফা সংস্করণ পরীক্ষা করছেন।

এআই খাতে সাইবার নিরাপত্তা দ্রুত বাড়তে থাকা একটি বাজার। প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো সাইবার হামলা শনাক্ত করা এবং সম্ভাব্য ক্ষতিকর এআই এজেন্ট নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি তৈরি করছে।

ওপেনএআই জানিয়েছে, তাদের জিপিটি-৬ পরিবারের প্রধান মডেল অ্যাস্ট্রা কখনো কখনো মানুষের নজরদারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়া গত বৃহস্পতিবার জানিয়েছে, জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট দেশটির সরকারি স্বাস্থ্য তথ্যের একটি পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করেছিল।

চলতি মাসের শুরুতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীও এআই উন্নয়নের গতি কমানো ও আরো শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন।