রাজশাহীতে যাত্রা শুরু করল লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ। গতকাল বুথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন একই সঙ্গে রাজশাহী জেলার মানুষের জন্য পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালারও আয়োজন করে লংকাবাংলা সিকিউরিটিজ। লংকাবাংলার কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহী ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দেন। এরপর ডিজিটাল বুথ উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক (সাধারণ) মো. সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বহু দেরিতে হলেও রাজশাহীর বাজারে লংকাবাংলা সিকিউরিটিজ এক্সচেঞ্জের আবির্ভাব হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ নতুন নতুন প্রযুক্তিনির্ভর পরিষেবার মাধ্যমে পুঁজিবাজারের সব সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও প্রতিনিয়ত পুঁজিবাজার সচেতনতা কর্মসূচি এবং নতুন বিনিয়োগের খাত নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে।’
লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা প্রসারিত ও ত্বরান্বিত করতে লংকাবাংলা সিকিউরিটিজ দেশজুড়ে নতুন নতুন ব্রাঞ্চ ও ডিজিটাল বুথ সংযোজন করে চলেছে। এর ফলে পুঁজিবাজারে বিনিয়োগ নতুন গ্রাহকদের কাছে আরো সহজলভ্য হয়ে উঠবে এবং অচিরেই আমরা ৬৪ জেলায় এ সেবা সম্প্রসারণ করব।’
রাজশাহীর বিনিয়োগকারীদের উদ্দেশে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা বলেন, ‘লংকাবাংলা ডিজিটাল প্লাটফর্ম আইব্রোকার এবং ট্রেড এক্সপ্রেস প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক পর্যায়ে পুঁজিবাজারে বিনিয়োগকে আরো সহজ ও উৎসাহিত করেছে। উন্মুক্ত প্লাটফর্ম ফাইন্যান্সিয়াল পোর্টাল নতুন প্রজন্মকে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।’
অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।










