২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকা স্টার্ট-আপ তহবিল হিসেবে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকাল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আইসিটি খাতে এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
তিনি জানান, দেশের উন্নয়নের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে বিজ্ঞান গবেষণার গুরুত্ব বিবেচনায় আগামী অর্থবছরে আরো ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ মৌলিক বিজ্ঞান গবেষণা, সামুদ্রিক সম্পদ আহরণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবহৃত হবে।
প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে, যা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সারাদেশে ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব ও ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে। এছাড়া সারাদেশে ৪৯১টি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
মোবাইল আর্থিক পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে যা তাৎক্ষণিক টাকা পাঠানো, সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা গ্রহণ ও সেবার বিল পরিশোধ, রেমিট্যান্স গ্রহণসহ নানাবিধ আর্থিক সেবা সহজে প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।















