চীনে মাংস রফতানিতে কোনো সমস্যা নেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের। দেশ দুটির মাংস আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়টি স্থানীয় দৈনিকে ফলাও করে প্রকাশ করা হলেও আপাতত সমস্যা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ দুটি। পাশাপাশি বর্তমানে দেশ দুটি থেকে চীনে মাংসের চালানও বরাবরের মতো স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চীনের গণমাধ্যমে মাংস আমদানি নিষেধাজ্ঞার সংবাদ প্রকাশিত হলেও এ সম্পর্কিত কোনো সরকারি বিজ্ঞপ্তি দেয়নি দেশটির সরকার।
দ্য অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ সংবাদপত্র জানায়, চীনের একটি মিডিয়া আউটলেটে বলা হয়, গবাদিপশুর পা এবং মুখের রোগের কারণে দেশ দুটি থেকে মাংস আমদানি স্থগিত হতে পারে।
অস্ট্রেলিয়ান কৃষি বিভাগের এক মুখপাত্র ই-মেইল বিবৃতিতে জানান, আমরা গুজব সম্পর্কে সচেতন রয়েছি। এরই মধ্যে বেইজিংয়ে অস্ট্রেলিয়ান দূতাবাস চীনের শুল্ক বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখনও পর্যন্ত এ সম্পর্কিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি চীন।
এদিকে নিউজিল্যান্ডের প্রাথমিক শিল্প মন্ত্রণালয়ের মার্কেট এক্সেস ডিরেক্টর স্টিভ আইন্সওয়ার্থ বলেন, চীনে মাংস রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।
গবাদিপশুর পা এবং মুখের রোগ অত্যন্ত সংক্রামক রোগ। তবে রোগটি মানুষের জন্য হুমকিস্বরূপ নয়।








