নিয়োগ প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর, সহজ ও কার্যকর করতে ‘নেক্সটজবজ’ নামে নতুন ক্যারিয়ার প্লাটফর্ম চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স। দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার বিষয়ক দিক-নির্দেশনা ও করপোরেট নেটওয়ার্কিংকে আরো সহজ, স্মার্ট ও ডিজিটাল করাই এ প্লাটফর্মের লক্ষ্য।
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্লাটফর্মটিতে নিয়োগসংক্রান্ত তথ্যের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচিসহ ক্যাম্পাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও বৈশ্বিক চাকরির সুযোগ সংক্রান্ত তথ্যও মিলবে এ পোর্টালে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য আকিজ রিসোর্সের মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সেইসঙ্গে এ ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে দেশে-বিদেশে পরোক্ষভাবে ৫০ লাখ মানুষের জন্য উচ্চশিক্ষা, কর্মসংস্থানসহ নানা ধরনের সুযোগ তৈরি করা।
বাংলাদেশের চাকরি বাজার দ্রুত রূপান্তরিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, নেক্সটজবজের মাধ্যমে চাকরি খোঁজা ও নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করতে চাই। ফলে নিয়োগ প্রক্রিয়ায় সময়, ব্যয় ও শ্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, প্লাটফর্মটি চাকরি প্রত্যাশীদের অভিজ্ঞ দিক-নির্দেশক হিসেবে কাজ করবে। এ ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা তাদের দক্ষতা উন্নয়নে দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবিদের মেন্টর হিসাবে পাওয়ার আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশের চাকরি ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় ইভেন্টের তথ্য মিলবে এ ক্যারিয়ার পোর্টালে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন ও আকিজ আইবস-এর সিইও জায়েদ বিন রশিদসহ আকিজ রিসোর্স লিমিটেডের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।
-বিজ্ঞপ্তি










