কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন জু-উন নাহার চৌধুরী। প্রথম বাংলাদেশী হিসেবে তিনি কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেলেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি বটলিং ও ব্যবসায়িক পার্টনার, ক্রেতা ও অন্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
জু-উন ইউনিলিভারের মার্কেটিং বিভাগের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। ইউনিলিভার বাংলাদেশের বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। তার নেতৃত্বে দেশব্যাপী ‘লাইফবয় হাত ধোয়া ক্যাম্পেইন/হ্যান্ডওয়াশিং ক্যাম্পেইন’ আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়। দেশের ৬০টির বেশি এলাকায় ৮৬ হাজার তরুণ একই সঙ্গে এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
২০১৪ সালে রেকিট বেনকিজারে যোগ দেয়ার মাধ্যমে ইন্দোনেশিয়ায় তার কর্মজীবন শুরু হয়। সেখানে তিনি ডেটলের ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে ডানোন ইন্দোনেশিয়ার হেড অব ইনোভেশন হিসেবে কাজ করেন। ২০২৩ সালে দেশে ফিরে তিনি এপেক্সের মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগ দেন।
নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে জু-উন নাহার চৌধুরী বলেন, ‘কোকা-কোলা সিস্টেম বাংলাদেশে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের বটলিং পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস (সিসিবিবি) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) ও অন্য অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে ভোক্তাদের সতেজ রাখতেও আমি দৃঢ়প্রতিজ্ঞ। কোকা-কোলার এ যাত্রায় বাংলাদেশকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয়। আমাদের ব্র্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি অপারেশনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমি আশাবাদী।’
জু-উন বাংলাদেশে এ পদে নিযুক্ত হওয়া প্রথম নারী। তিনি ২০২১ সালে যোগ দেয়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক তা জি তুংয়ের স্থলাভিষিক্ত হবেন। —বিজ্ঞপ্তি









