হিথরো বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বের ফ্লাইটের টিকিট বিক্রি স্থগিত করে দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ)। উড়োজাহাজ চলাচলে প্রতিবন্ধকতা অব্যাহত থাকায় ৮ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এ বিমানবন্দরে দৈনন্দিন যাত্রী সংখ্যার চাপ কিছুটা কমাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবিসির খবর অনুসারে, এভাবে টিকিট বিক্রি বন্ধ করে দেয়ার কারণে বিএর অভ্যন্তরীণ এবং ইউরোপীয় গন্তব্যে যাত্রার ওপর বেশ প্রভাব পড়বে বলেই ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহেই আকাশপথে চলাচলে বাধা তৈরি হওয়ায় হাজার হাজার যাত্রী বিপদের মুখে পড়েছে। কেউ কেউ আবার শেষ মুহূর্তে ভ্রমণ পরিকল্পনা বাতিল করতেও বাধ্য হচ্ছে।

করোনা মহামারীর সময়ে অনেক কর্মী কমিয়ে দেয় বিভিন্ন বিমানবন্দর ও এয়ারলাইনস। কিন্তু এখন ছুটির মৌসুম শুরু হয়ে গেলে প্রতিষ্ঠানগুলো আবার পর্যাপ্ত কর্মী নিয়োগ দিতে পারেনি। ফলে উড়োজাহাজে ভ্রমণ আবার শুরু হলে হিথরো বিমানবন্দর তাতে তাল মেলাতে বেশ বেগ পোহাচ্ছে। আবার লাগেজ পরিচালনা পদ্ধতিতে বেশ সমস্যা থাকার কারণে যাত্রীদের তাদের ব্যাগ পেতে বেশি দেরি হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে হিথরো।

এর আগে গত মাসেও হিথরো বিভিন্ন এয়ারলাইনসকে গ্রীষ্মকালের টিকিট বিক্রি বন্ধ করতে বলেছিল। কারণ তারা প্রতিদিন যাত্রীদের চলাচল এক লাখে সীমাবদ্ধ রাখতে চায়। যেটা আগের তুলনায় চার হাজার কম।

যাত্রী সংখ্যার এ সীমাবদ্ধতা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। হিথরোর সবচেয়ে বড় এয়ারলাইনসের নাম ব্রিটিশ এয়ারওয়েজ। এ নিষেধাজ্ঞার ফলে অন্যান্য ক্যারিয়ারের তুলনায় তারাই প্রভাবিত হবে সবচেয়ে বেশি। তবে যেসব বুকিং এরই মধ্যে হয়ে গেছে সেগুলো আর বাতিল করা হবে না। কর্মীসংক্রান্ত সমস্যার কারণে গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৩০ হাজার ফ্লাইট কমিয়ে এনেছে বিএ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হিথরো বিমানবন্দরের সমস্যার কারণে দ্বিতীয় প্রান্তিকে ব্রিটিশ এয়ারওয়েজকে কার্যক্রম মহামারী-পূর্ব পর্যায়ের ৬৯ দশমিক ১ শতাংশে সীমিত করতে বাধ্য হতে হয়। জুলাই ও অক্টোবরে সেটা ৭৫ শতাংশ বাড়ার কথা ছিল। তার আগেই এল এমন সিদ্ধান্ত।