ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব।’

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ও ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির সহযোগিতায় ‘মিট দ্য গভর্নর’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গভর্নর। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে গতকাল আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য (ইনচার্জ) ড. জিএম মুজিবর রহমান ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।

বাকৃবির উপাচার্য (ইনচার্জ) ড. জিএম মুজিবর রহমান বাংলা কিউআর নিয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য বাংলাদেশ ব্যাংক ও ডাচ্‌-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরো সম্প্রসারণে সহায়ক হবে।’

ডিজিটাল লেনদেন সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করে বলে মনে করেন ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, ‘ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার ও মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ আরো দ্রুত একটি ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে বাকৃবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।